হোম > সারা দেশ > ময়মনসিংহ

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

শাহরিয়ার মিল্টন, শেরপুর

ছবি: আমার দেশ

শেরপুর গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে চলে দুই থেকে তিনশ মানুষের জীবিকা । পাহাড়ের আঁকাবাঁকা পথ, ঘন বর্ণ আর উঁচু উঁচু গাছ। ভোরের আলো ফুটতেই জীবিকার সন্ধানে বনের গভীরে ছুটে চলেন তারা। কারো হাতে লম্বা বাঁশ, কারো কাঁধে ডিম রাখার ঝুড়ি। লক্ষ্য একটাই গাছের ডালে লাল পিঁপড়ার বাসা খুঁজে ডিম সংগ্রহ করা। দিন শেষে সেই ডিম বিক্রির টাকাতেই চলে সংসার খরচ, জোটে পরিবারের মুখের খাবার। শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রায় ৪০ কিলোমিটার বনাঞ্চলজুড়ে পাহাড়ি গ্রামগুলোতে বছরের তিন থেকে চার মাস চলে এই কর্ম। এ সময়ে পাহাড়ি এলাকায় বিকল্প কাজের সুযোগ কম থাকায়, কারো কাছে এটি বাড়তি আয়ের উৎস, আবার কারো কাছে পরিবারের ভরণপোষণের প্রধান অবলম্বন। জীবিকার তাগিদে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বনের গভীরে কিংবা উঁচু গাছে উঠে ডিম সংগ্রহ করেন তারা।

গারো পাহাড়ের শাল, গজারি, মেহগনি, আম ও লিচুসহ বিভিন্ন গাছে বাসা বাঁধে এক ধরনের বড় লাল পিঁপড়া। নিজেদের ডিম সুরক্ষিত রাখতে গাছের ডালের অগ্রভাগে চার-পাঁচটি পাতা লালা দিয়ে জোড়া লাগিয়ে বাসা তৈরি করে তারা। পাতার ভাঁজে তৈরি সেই বাসার ভেতরেই থাকে পিঁপড়ার ডিম। প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীর বাসাই এখন পাহাড়ের বহু অসচ্ছল পরিবারের কাছে আয়ের অন্যতম উৎস।

পিঁপড়ার ডিম সংগ্রহকারী রাংটিয়া গ্রামের সাকিব, শামীম, শাহজাহান, জুলহাস ও রতন কোচ জানান, লম্বা বাঁশের মাথায় কাপড়ের জাল বেঁধে গাছের ডাল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয়। একটি বড় বাসা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম ডিম পাওয়া যায়। একজন সংগ্রহকারী দিনে গড়ে ৫০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন। রাংটিয়া বউ বাজারে বসে পিঁপড়ার ডিমের বাজার। সেখানে প্রতি কেজি ডিম বিক্রি হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। পরে এসব ডিম পাঠানো হয় পাইকারদের কাছে।

পিঁপড়ার ডিমের প্রধান ক্রেতা শৌখিন মাছ শিকারিরা। বড়শিতে মাছ ধরার টোপ হিসেবে এসব ডিমের বিশেষ চাহিদা রয়েছে। মাছ ধরার মৌসুমে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। এছাড়া পোষা পাখির খাবার হিসেবেও এর ব্যবহার রয়েছে। স্থানীয় পাইকাররা সংগ্রহকারীদের কাছ থেকে ডিম কিনে প্যাকেটজাত ও কার্টনে ভরে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শহরের দোকানে পাঠান। ডিম সংগ্রাহক অনন্ত সাহা বলেন, আগে পাহাড়ে প্রচুর ডিম পাওয়া যেত। এখন গাছপালা কমে যাওয়ায় পিঁপড়ার বাসাও কমে গেছে। তবু আয়-রোজগারের আশায় ডিম খুঁজে বেড়াই। এই কাজ করে যা পাই, তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করি । আরেক সংগ্রাহক মহা কোচ বলেন, পিঁপড়ার কামড়ে কষ্ট হয়। কিন্তু আয় আর সংসারের কথা ভেবে তা সহ্য করতে হয়। পাশাপাশি বনের মধ্যে হাতি, শাপ ও মৌমাছির আক্রমণের ভয়ও রয়েছে। কখনো রয়েছে উঁচু গাছে ওঠার ঝুঁকি। স্থানীয় ক্রেতা ইলিয়াস উদ্দীন বলেন, স্থানীয় বাজার থেকে ডিম সংগ্রহ করার পর প্যাকেটজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাই। বর্ষা ও শীত মৌসুমে লাল পিঁপড়ার ডিমের জোগান বেশি থাকে। তখন বিক্রিও ভালো হয়।

এ বিষয়ে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, বনাঞ্চল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিঁপড়ার ডিম নষ্ট হওয়ার কারণে পাহাড়ে অতিথি পাখির আগমনও কমতে শুরু করেছে। তিনি পিঁপড়ার ডিম সংগ্রহকারীদের এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির