নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস নিয়ে রুবাইয়া (১৮) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। গতকাল রাত ৮টার দিকে পুলিশ উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। রুবাইয়া ময়মনসিংহের নান্দাইল এলাকার মৃত শাহজাহান মিয়ার মেয়ে।
নিহতের মা নূরজাহান জানান, তিনি পূর্বধলা উপজেলার হাটধলা গ্রামের মৃত ইসমাইলের মেয়ে। ২০ বছর আগে তার বিয়ে হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজবাড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার সাথে। বিয়ের পর এক ছেলে, এক মেয়ে ও স্বামীকে নিয়ে সুখেই ছিলেন। ৭-৮ বছর আগে স্বামী মারা যাওয়ার পর তিনি দুই ছেলেমেয়েকে নিয়ে চলে আসেন হাটধলা গ্রামে বাবার বাড়িতে। সেখানে বৃদ্ধা মায়ের কাছে ছেলেমেয়েকে রেখে কাজের সন্ধানে ঢাকায় চলে যান।
ঢাকায় বাসাবাড়িতে কাজ করে দুই ছেলেমেয়েকে নিয়ে ভালোই চলছিল। রুবাইয়া ছিল খুব শান্ত। বিয়ে দেয়ার কথাও ভাবছিলেন। গত সপ্তাহে নূরজাহান বাড়িতে আসেন। গতকাল বিকাল ৪টার দিকে জানতে পারেন পাশের নূর উদ্দিনের পরিত্যক্ত ঘরের বারান্দায় ফাঁসিতে ঝুলছে তার মেয়ে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।