জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘুমন্ত এক বৃদ্ধার কানের দুল চুরি করতে গিয়ে কানের লতি ছিঁড়ে দুল নিয়ে পালিয়েছে এক চোর। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধার নাম কয়েদভান (৭০)। তিনি উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। স্বামীর মৃত্যু পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার খেয়ে জানালার পাশের খাটে ঘুমিয়ে পড়েন কয়েদভান।
রাত আনুমানিক ১টার দিকে এক চোর ঘরের জানালা কেটে ভেতরে হাত ঢুকিয়ে ডান কানে থাকা সোনার দুল ধরে টান দেয়। এতে কানের লতি ছিঁড়ে যায় এবং দুল নিয়ে পালিয়ে যায় চোর। এ সময় ব্যথায় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কয়েদভানের নাতি সুজন আহমেদ জানান, তার নানি একাই ঘরে থাকতেন। জানালার পাশেই ছিল বিছানা। গভীর রাতে চোর জানালা কেটে হাত ঢুকিয়ে কানের দুল টান দিয়ে নিয়ে যায়। চুরি যাওয়া কানের গয়নার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। চোরেরা এখন বৃদ্ধ মানুষকেও ছাড়ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, রাত আড়াইটার দিকে আহত অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়। তার ডান কানের লতি ছিঁড়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।