ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। তবে এ মৃত্যু নিয়ে নানান প্রশ্ন জেগেছে জনমনে। কেউ বলছেন আত্মহত্যা আবার কারো দাবি হত্যাকাণ্ড।
শুক্রবার দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকার ১৩ তলা বর্ণালি টাওয়ারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভবনের নিচে তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা গেছে, দুপুর ১টা ১১ মিনিটে ভবনের লিফটে উঠে ছাদে যান ওই তরুণী। এ সময় ভবনটির মূল ফটক খোলা ছিল। নিরাপত্তাকর্মীও ছিলেন না। প্রায় আধাঘণ্টা পর ছাদ থেকে নিচে পড়ে তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, এটি আত্মহত্যার আড়ালে কোনো সুপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তাকে ছাদে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলেও সন্দেহ রয়েছে তাদের।
ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ভবন কর্তৃপক্ষ ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদসহ ছাদের আলামত পরীক্ষা শুরু করেছে পুলিশ। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই ঘটনার প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ভিডিও ফুটেজে ওই তরুণীর চলাফেরা স্বাভাবিক মনে হলেও ভবনটি পূর্বপরিচিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।