হোম > সারা দেশ > ময়মনসিংহ

মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ জেলা পুলিশ

ময়মনসিংহ অফিস

মাদকবিরোধী অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের মধ্যে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তার হাত থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

জানা গেছে, গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে ময়মনসিংহ জেলা পুলিশ। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের, গ্রেপ্তার অভিযান জোরদার এবং মাদক সিন্ডিকেট ভাঙতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কারণে জাতীয় পর্যায়ে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের মূল্যায়নে মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তার কার্যক্রম এবং মাঠপর্যায়ের অভিযানের কার্যকারিতার ভিত্তিতে দেশের বিভিন্ন জেলার মধ্যে প্রতিযোগিতামূলক মূল্যায়ন করা হয়। সেখানে ‘ক’ গ্রুপে সর্বোচ্চ সফলতা দেখিয়ে প্রথম স্থান অর্জন করে ময়মনসিংহ জেলা পুলিশ।

পুরস্কার গ্রহণের পর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, ‘মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত ময়মনসিংহ গড়ে তুলতে চাই।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও সন্দেহভাজন এলাকাগুলোতে নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রচারণাও চালানো হচ্ছে।

জেডএম

নেত্রকোণায় মাদককে লাল কার্ড দেখালেন ফুটবলপ্রেমীরা

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

গারো পাহাড়ে থামছে না অবৈধ বালু উত্তোলন

নেত্রকোনায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাসিনার পথেই যেতে হবে: মামুনুল হক

বকশীগঞ্জে ২৭ দিনেও মেলেনি মাদরাসাছাত্র আবু সাঈদের খোঁজ

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে একজন নিহত

ময়মনসিংহ মেডিকেলে হামে ৪ শিশুর মৃত্যু