হোম > সারা দেশ > ময়মনসিংহ

জাবিপ্রবিতে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সমাবেশে উপস্থিত খোদ আ.লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন দলটির এক ইউনিয়ন নেতা। সমাবেশে তার উপস্থিতি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ওই নেতার নাম নুরুল ইসলাম সরকার। তিনি মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন শাখার সহসভাপতি। পাশাপাশি তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম সরকার নিজেকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ‘বিশেষ আশীর্বাদপুষ্ট’ হিসেবে পরিচয় দিতেন।

গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরওয়ার জাহান। এ সময় নুরুল ইসলাম সরকারও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন।

বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশে তার অংশগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগবিরোধী কর্মসূচিতে একজন আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসাইন জিকো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এক আওয়ামী দালাল এখনও অবলীলায় ক্যাম্পাসে বিচরণ করছে এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ তার নিয়ন্ত্রণে চলে। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মির্জা সাইদুল তাঁর ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এগুলো দেখেন না?’

মামুন আহম্মেদ নামে আরেকজন মন্তব্য করেন, ‘যত নিয়ম সব শিক্ষার্থীদের সঙ্গে।’

অন্যদিকে, এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকজন নেতাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে দলীয় পরিচয়ে সুবিধা নেওয়া ব্যক্তিরা এখন ভিন্ন অবস্থান নিয়েছেন। সময়মতো তাঁকে এর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

এ বিষয়ে বক্তব্য জানতে নুরুল ইসলাম সরকারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

নতুন প্রজন্মকে শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে

ঝিনাইগাতীতে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন

ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় আগুন

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

জুলাই যোদ্ধা হত্যা, ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের নামে মামলা

৯ মাসেও ফল প্রকাশ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয়ে

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক চেয়ারম্যানের কারাগারে মৃত্যু

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা