শিবির নেতাদের গুরুত্ব দেওয়া এবং তাদের নিয়ে হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধন করার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার সকাল ১০টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে প্রভোস্ট জানিয়েছেন, তিনি কাউকে আলাদাভাবে ডাকেননি। তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে আসেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে বলা হয়। সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা শিক্ষার্থী ও বিভিন্ন দলের নেতাকর্মীদের অনুষ্ঠান শুরুর আগে রিমাইন্ডার দেন।
উদ্বোধনের পর হল প্রভোস্টের কক্ষে প্রভোস্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল কর্মী খন্দকার মেহেদী প্রভোস্টকে উদ্দেশ করে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করা যাবে না। আপনি শিবিরকে নিয়ে কেন প্রোগ্রাম করেছেন?’
মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা দাবি করেন, সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য এবং গ্রিল স্থাপন করে সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদল দাবি তুললেও তাদের গুরুত্ব না দিয়ে শাখা শিবিরের নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদেরকে অনুষ্ঠানের ১০-১৫ মিনিট আগে জানানো হয়েছে কিন্তু শিবির নেতাদের অনেক আগে জানানো হয়েছে। তাদের প্রভোস্ট বেশি গুরুত্ব দেন এবং এজেন্ডা বাস্তবায়ন করেন।’
অপরদিকে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি শিবির হিসেবে নয়, সাবেক ভিপি হিসেবে উপস্থিত ছিলাম।
হল প্রশাসন উদাসীন বলে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, গ্যারেজের কাজ অনেক আগে শেষ হয়েছে। হল সংসদ থাকাকালীন সময়ে এটা উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রশাসন আমাদের জন্য তা সহজ করেনি।
বাকবিতণ্ডা চলাকালে হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাতসহ ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, আবদুল্লাহ আল মোস্তাফিজ ও জালাল ফারাজী উপস্থিত ছিলেন।
এমই