হোম > সারা দেশ > রাজশাহী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু

রাজশাহী অফিস

শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা, নীতিবিশ্লেষণ ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যাত্রা শুরু করেছে পলিটিক্যাল সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ সোসাইটি (পিএসসিআরএস)।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘পিএসসিআরএস উদ্বোধনী অনুষ্ঠান ও গবেষণা প্রতিযোগিতা ২০২৬’-এর মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণা, বিশ্লেষণ, যোগাযোগ, প্রযুক্তির ব্যবহার ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, পিএসসিআরএস শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, পেশাগত প্রস্তুতি ও নেতৃত্ব বিকাশে কার্যকর প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগুলো হলো হাতে তৈরি গবেষণা পোস্টার, ডিজিটাল পোস্টার ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পলিসি ব্রিফ এবং রিসার্চ কোয়েশ্চেন ওয়াল। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও জননীতিসংক্রান্ত সমস্যা নিয়ে মৌলিক গবেষণাভাবনা, প্রমাণভিত্তিক নীতিসমাধান এবং গবেষণাযোগ্য প্রশ্ন উপস্থাপন করেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সমন্বয়ে গঠিত পৃথক বিচারক ও আলোচক প্যানেল প্রতিযোগীদের কাজ মূল্যায়ন করেন। এ সময় গবেষণা সমস্যা, প্রশ্ন, পদ্ধতি, মৌলিকতা, বাস্তবসম্ভাব্যতা এবং সম্ভাব্য সামাজিক ও নীতিগত অবদান পর্যালোচনার পাশাপাশি প্রতিযোগীদের গঠনমূলক পরামর্শ দেওয়া হয়।

পুরস্কার বিতরণী পর্বে প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।

গবেষণা ধারণা উপস্থাপন বিভাগে টিম রিমার্কেবলের মো. রাফিদুল ইসলাম চ্যাম্পিয়ন এবং কাশফিয়া জামান ও আমিনা আক্তার উলকা রানারআপ হন। পলিসি ব্রিফ বিভাগে সুমাইয়া আক্তার শিমু চ্যাম্পিয়ন এবং মহসিরাত হোসাইন মিলি রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া সেরা গবেষণা প্রশ্নের জন্য নুরী আক্তার পুষ্পকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

আয়োজকেরা জানান, নিয়মিত গবেষণা অনুশীলন, প্রকাশনার সুযোগ, পেশাগত দিকনির্দেশনা ও নেতৃত্বমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত করার মাধ্যমে পিএসসিআরএস একটি টেকসই ও অংশগ্রহণমূলক একাডেমিক পরিবেশ গড়ে তুলবে।

সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে গবেষণা ও ক্যারিয়ারবিষয়ক স্বল্পমেয়াদি কোর্স, রিসার্চ ক্যাফে, পলিসি ডায়ালগ, ক্যারিয়ার সেশন, গবেষণা প্রদর্শনী, অ্যালামনাই নেটওয়ার্কিং ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল লেখা প্রকাশের জন্য বিভাগীয় বুলেটিন ‘দ্য পালস অব পিএসসিআরএস’ নিয়মিত প্রকাশ এবং ২০২৭ সালে ‘রিসার্চ অলিম্পিয়াড’ আয়োজনের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, প্রতিযোগী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন

সিরাজগঞ্জে সাবেক মেয়রকে গ্রেপ্তারে বাধা, ৪ জন কারাগারে

বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ

আজহারীর মাহফিল ঘিরে রাজশাহীতে ৬৫ নারী পকেটমার আটক

রাকসু নির্বাচনের দাবিতে টানা ১২ দিন অবস্থান, গুরুতর অসুস্থ ১

ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

গোদাগাড়ীতে উঠছে শীতকালীন টমেটো, দাম না পেয়ে হতাশ কৃষক

বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়

প্রকল্প জটিলতা ও জনবল সংকটে যক্ষ্মা চিকিৎসাসেবা হুমকির মুখে

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন