হোম > সারা দেশ > রাজশাহী

রমজানের শুরুতেই নওগাঁয় অস্থির নিত্যপণ্যের বাজার

জেলা প্রতিনিধি, নওগাঁ

রমজানের শুরুতেই নওগাঁয় উত্তাপ ছড়াতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। এরমধ্যে অস্থির হয়ে উঠেছে মুরগি দাম। বেগুন, কাঁচামরিচ, লেবু, আদা, রসুনসহ কিছু পণ্যের দাম বেড়েছে। ইফতারের অন্যতম খাবার খেজুরের দামও বাড়তি। তবে ছোলা, ডাল, ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম এখনও বাড়েনি।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বাড়তি খরচের চাপ পড়ছে সাধারণ ক্রেতাদের ওপর। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য মিলাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে।

ক্রেতারা বলছে, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর যে প্রবণতা এবারও দৃশ্যমান। নিয়মিত বাজার তদারকি না থাকার কারণে এমন পরিস্থিতিতে পড়তে হয়। নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার পরেই সবার আগে বাজার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি তাঁদের। না হলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যেতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, রমজানের শুরুতে প্রয়োজনের তুলনায় অনেক ভোক্তারা একসাথে বেশি বাজার করছেন। ফলে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদার কারণে দাম বেড়েছে। তবে সরবরাহে কোন ঘাটতি নেই।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ শহরের পৌর মুরগি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০টাকা। পাশাপাশি সোনালি ও লেয়ার মুরগির ২০ থেকে ৩০ টাকা বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ওই বাজারের মুরগি বিক্রেতা আবুল কালাম বলেন, মুরগির সরবরাহ কম। খামার থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করছি। এছাড়া এখন বাজারে মুরগির চাহিদা বেশি। সব মিলিয়ে দাম বেড়েছে।

এদিকে খুচরা সবজি বাজার ঘুরে দেখা যায়, একসপ্তাহ আগে বেগুন ৩০ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হলে বর্তমানে বিক্রি হচ্ছে ৬০টাকায়। কাঁচামরিচ কেজিতে ৩০-৪০ টাকা বেড়ে ১৩০ থেকে ১৪০ বিক্রি হচ্ছে, ৩৫-৪০ টাকা হালি লেবু বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, করলা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে।

এদিকে পেঁয়াজ, আদা ও রসুনের দাম বেড়েছে। প্রতিকেজি রসুন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়, আদার দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০টাকা কেজিতে। পেঁয়াজের দামও বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা। ইফতারের অন্যতম অনুসঙ্গ সাধারণ মানের খেজুর কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ২৪০-২৫০ টাকায় পাওয়া যাচ্ছে। ৩০টাকা হালির পাকা মানিক (শবরি কলা)বিক্রি হচ্ছে ৫০টাকায়।

বাজার করতে আসা গৃহিণী মরিয়ম বলেন, রোজার প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে এসেছেন। মুরগির দাম অতিরিক্ত বেড়েছে। বেগুন, কাঁচামরিচের দামও বেড়েছে। দাম বেশি হওয়ায় পরিমাণে কম করে নিতে হয়েছে।

আরেক ক্রেতা রাকিব হোসেন বলেন, রোজার শুরুতেই অনেক পণ্যের দাম বেড়েছে। যদি আরও বাড়ে, তাহলে সংসার চালাতে হিমশিম খেতে হবে। কারন খরচ বাড়ছে আয় তো বাড়ছে না।

পৌর কাচাবাজার সমিতির সাধারণ সম্পাদক বাদশা আলী বলেন, এই সময় আসলে কিছু পণ্যে শেষ হয়ে যায় আবার কিছু পণ্য নতুন আসে। এ কারনে সপ্তাহের ব্যবধানে কিছু জিনিসপত্রের দাম বেড়েছে। তবে বাজারে কোন সংকট নেই। সামনে দাম আরও বাড়বে কিনা সেটি আমদানির উপর নির্ভর করবে।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, বাজার সহনীয় পর্যায়ে রাখতে প্রতিদিনই আমরা বাজার মনিটর করছি। কোন ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোন ভোক্তা দাম বৃদ্ধির অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চাই: শাহজাহান মিঞা

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন

হামলার শিকার জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক

দুধের দাম না বাড়ায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জের খামারিরা

একসঙ্গে উচ্চশিক্ষা-বিয়ে, বিসিএস ক্যাডারও হলেন একই ব্যাচে