বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এমপির গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলায় আশরাফুল কবীর রানা (৫২) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আশরাফুল কবীর রানা উপজেলার ভান্ডারবাড়ী নারায়ণপুর গ্রামের মফিজ উদ্দিন মাস্টারের ছেলে এবং ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে গণসংযোগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রানাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এমই