ইসলামী আন্দোলনের পথ কখনোই সহজ ছিল না। যুগে যুগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের ওপর নেমে এসেছে নানা জুলুম-নির্যাতন। নবী-রাসূলগণও এর ব্যতিক্রম ছিলেন না। তাই সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
বুধবার বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ইউনিট দায়িত্বশীলদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাকির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজ রহমান এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেন, “ইউনিট সংগঠনই ইসলামী আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই ইউনিটগুলোকে আরও সক্রিয় ও গতিশীল করতে দায়িত্বশীলদের মেধা, যোগ্যতা ও কর্মতৎপরতা যথাযথভাবে কাজে লাগাতে হবে।” তিনি ইসলামী আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের পথ কখনোই সহজ ছিল না। যুগে যুগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের ওপর নেমে এসেছে নানা জুলুম-নির্যাতন। নবী-রাসূলগণও এর ব্যতিক্রম ছিলেন না। তাই সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
জেলা জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল বলেন, “ইকামাতে দ্বীনের দায়িত্ব কোনো নফল ইবাদত নয়; বরং আল্লাহর খলিফা হিসেবে এটি প্রত্যেক মুসলমানের ওপর অপরিহার্য দায়িত্ব।” তিনি প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছে দেওয়া, গণসম্পৃক্ততা বৃদ্ধি এবং মানুষের সমস্যার সমাধানে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা এ কে এম আফজাল হোসেন বলেন, সদস্যদের মাঝে রাজনৈতিক ও আদর্শিক চেতনা জাগ্রত করতে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।