গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী আঁখি আক্তার, শিশুকন্যা আন্নি খাতুনসহ আনোয়ার হোসেন। তাদের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল গ্রুপের গাড়িচালক। স্ত্রী ও কন্যাকে নিয়ে আশুলিয়ায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন মঙ্গলবার সকালে। গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনের উত্তরে পৌঁছালে অটোরিকশার পেছনের চাকা খুলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যায় আন্নি। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান আনোয়ার ও আঁখি।
আনোয়ারের বাবা খলিল হোসেন বলেন, আমার ছেলে সংসারটা নিয়ে কত স্বপ্ন দেখতো। সবকিছু মুহূর্তে শেষ হয়ে গেলো। এখন আমাকে প্রতি মাসে সংসারের খরচ কে দিবে, কে বাবা বলে ডাকবে। ফুটফুটে নাতনিও আর দাদা বলে ডাকবে না। আমার বেঁচে থাকার অবলম্বন একেবারেই হারিয়ে গেলো। এই শোক আমি ও আমার পরিবার সইবো কি করে বলতে বলতে আবারো কান্নায় ভেঙে পড়েন তিনি।
এদিকে আনোয়ারের লাশ মঙ্গলবার ভোরে গুরুদাসপুরে আনা হয়। সকাল ১০টায় জানাজা শেষে মকিমপুরে দাফন করা হয়।
বাসন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও অটোরিকশা পুলিশ হেফাজতে আছে।