চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ ও পাশবিক নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার এলাকাবাসীর আয়োজনে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নির্যাতিত প্রতিবন্ধী শিশুর পিতা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবিন ও সদস্যসচিব পলাশ মাহমুদসহ অন্যরা।
কর্মসূচিতে শ্রেণিপেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, আমাদের বোন বাকপ্রতিবন্ধীকে গণধর্ষণ ও পাশবিক নির্যাতনের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সেই সঙ্গে সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে।
উল্লেখ, গত ১৪ মার্চ বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।