জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে আট ঘণ্টা পর গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রথম দফার পরীক্ষায় ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে পৌঁছায়। পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি হিসেবেই আপাতত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয় মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে। এ সময় প্রথমবারের মতো কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের মাত্র ২৯ মিনিটের মধ্যে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রেখে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির করা হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বায়েরা চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, প্রকল্প পরিচালক (পিডি) ড. কবির হোসেন, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান। তিনি জানান, প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়।
তিনি বলেন, গ্রিডে সংযোগ দেওয়ার আগে জেনারেটর ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করা হয়। প্রথম দফার পরীক্ষা শেষে পরবর্তী কারিগরি পরীক্ষার প্রস্তুতির জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এনপিসিবিএল ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো কিংবা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিট সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। এ সময় উৎপাদনের ওঠানামার সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদন পাওয়ার পর শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’। এ পর্যায়ে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে রিয়্যাক্টর, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ পর্যায় শেষ হলে রোসাটমের কাছ থেকে ইউনিটটির দায়িত্ব প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা করা হবে। তবে উৎপাদন বৃদ্ধির বিষয়টি নির্ভর করবে ধারাবাহিক কারিগরি পরীক্ষার ফলাফল এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।
উল্লেখ্য, দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান এনপিসিবিএল। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট পাবনার ঈশ্বরদীর রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
এমএইচ