সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ওহিদ আলী নবীন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা। দণ্ডিত ওহিদ রাজশাহীর মহিষালবাড়ি গ্রামের সাঈদ আলী বাবলুর ছেলে।
মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরোয়ার খান জানান, ২০২২ সালের ২৮ আগস্ট সকালে সিরাজগঞ্জ সদর এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
ওই সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে কড্ডার মোড়ে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে চালককে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেট থেকে এক কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১ লিটার মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা করেন সিরাজগঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেয় আদালত।