বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে উত্তরবঙ্গের মাদক সম্রাট হেরোইন ও ইয়াবা ব্যবসায়ী সবুজসহ তার দু’সহযোগীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ৭০ গ্রাম হেরোইন, মোবাইল ফোন ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে একটি টিম নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার পিতা মো. রবিউল ইসলাম ওরফে ভোটের ছেলে সবুজ (৩৫), জোকা মোল্লাপাড়ার শিবলু (২৮) এবং বেতগাড়ি লিচুতলা গ্রামের পিতা শেখ রিয়াজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮)। তিনজনই শাজাহানপুর উপজেলার বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট ও প্রাইভেট কার জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার সবুজ এবং তার বাবা রবিউল ইসলাম ওরফে ভোট উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী। তাদের পরিবারের বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে। কিছুদিন আগে র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছে সবুজ। জামিন পেয়ে আবারো মাদকে জড়িয়ে পড়েন।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, সবুজ যুবদলের কেউ না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ছবিতে দেখা গেছে যুবদল রাজনীতিতে তিনি সক্রিয় সদস্য।