পাবনার চাটমোহরে সার বিতরণের সময় ডিলার পয়েন্ট থেকে ছয় শতাধিক বস্তা সার লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে সার ডিলার প্রদীপ কুমার পালের গোডাউন এ লুটপাটের ঘটনা ঘটে।
পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আবু আশ্রাফ আলী বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে প্রায় দুই থেকে তিন হাজার কৃষক সারের জন্য ভোর থেকেই লাইনে দাঁড়ান। দুপুরে উত্তেজিত কৃষক-জনতা এই লুটপাটের ঘটনা ঘটায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
সরেজমিন জানা গেছে, সোমবার সকাল থেকে চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার বিতরণ চলছিল প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে। ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ ১ হাজার ১৮১ বস্তা সার ছিল ওই পয়েন্টে। বিতরণের লক্ষ্যে ১৭১টি মেমো কাটা হয়। পাশাপাশি আরো দুটি পয়েন্টেও সকাল থেকেই সার বিতরণ চলছিল। তবে অন্য দুটি পয়েন্টে সার শেষ হয়ে যাওয়ায় সেখানের হাজারো কৃষক ভিড় জমান প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্টে। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় ডিলার বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ওই ডিলার পয়েন্ট থেকে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে ছয় শতাধিক বস্তা সার নিয়ে গেছেন বিক্ষুব্ধরা। সারের কোনো সংকট নেই, অথচ বিশৃঙ্খলা সৃষ্টি করে লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান বলেন, সারের সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে। সার ফেরত বা সমপরিমাণ টাকা ডিলারকে দেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সার ফেরত বা টাকা না দিলে এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই