হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে জামায়াত নেতাদের বাড়িতে আগুন-লুটপাট, শিবিরের সাবেক সভাপতির পরিদর্শন

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনার জেরে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবিরের সাবেক সভাপতি।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিবর্তন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবদল ও বিএনপির লোকজন জামায়াত নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছেন। ওসির নেতৃত্বে বিভিন্ন মোড়ে পাহারা বসিয়ে এসব অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ওসি তাদের সুরক্ষা দিচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘হামলা ও অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের পক্ষ থেকে তার ক্ষতিপূরণ দিতে হবে। থানার ওসিকে পরিবর্তন করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।’

এ সময় পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, ঈশ্বরদী উপজেলা আমির মো. সাইদুল ইসলাম ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার রাতে উপজেলার মাঝদিয়া এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ ও পরবর্তী হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই সময় কয়েকজন গুলিবিদ্ধ হন। তারা হলেন—ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরি এলাকার মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার রিশাদ হোসেন এবং শেখপাড়া এলাকার রবিউল ও মহিদুল ইসলাম। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বহিষ্কৃত জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে নদীপথের আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়া বালুর ব্যবসা নিয়ে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও বিরোধ ছিল।

এসব বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ-সমর্থিত কাঁকন বাহিনীর বিরুদ্ধে মিছিল বের করেন জাকারিয়া পিন্টুর ভাই ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব (বর্তমানে বহিষ্কৃত) মেহেদী হাসানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কাঁকন বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধসহ সাত থেকে আটজন আহত হন।

জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, সোমবার সন্ধ্যায় তারা এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাদের কয়েকজন গুলিবিদ্ধ হন।

অন্যদিকে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জাকারিয়া পিন্টুর সমর্থক ও তার ভাই মেহেদী হাসান সন্ত্রাসী বাহিনী এনে পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। সন্ধ্যার ঘটনার পর রাতে তারা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এসময় আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান বলেন, ‘জামায়াতের কারও বাড়ি পোড়েনি। যাঁর বাড়ি পুড়েছে, সেই মঞ্জু খান বিএনপি করেন। ওই বাড়ি থেকেই ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িঘর পোড়ানো হয়নি।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এমই

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

করতোয়া নদীতে পড়ে চার বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক

জয়পুরহাটে দুর্বৃত্তরা কেটে দিল ১০ বিঘা জমির শিমগাছ

ঈশ্বরদীর গ্রিনসিটি থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হামলা-আগুন, পুড়ল ৮ মোটরসাইকেল

আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

শিবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেলসহ আটক ১

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু