সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল ও মুড়ি মাখানো খেয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ বিষয়টি জানার আগেই পরিবার লাশ দাফন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। মৃত দুই শিশু হলো মামুদপুর বিলপাড়া গ্রামের নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৫) এবং মেয়ে আছিয়া খাতুন (৪)।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, তিনদিন আগের ভাঙা কাঁঠাল বুধবার দুপুরে মুড়ির সঙ্গে মাখিয়ে খায় বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।