রাজশাহী নগরীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর গৌরহাঙ্গা রেলগেটে এ ঘটনা ঘটে।
মৃত হাসিনা বেগম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রজব আলীর স্ত্রী।
রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। নাতনির অসুস্থতার কারণে হাসিনা ১৫ দিন আগে রাজশাহীতে আসেন। সকালে তিনি সাতক্ষীরায় যাওয়ার জন্য বের হন।
গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতার কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জেডএম