নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, তিনি কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
খবর পেয়ে লালপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তি মৃত্যুবরণ করেন।
এখনো পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, তার পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে। কেউ তার পরিচয় জেনে থাকলে দ্রুত নিকটস্থ থানা বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয় সচেতন মহল নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও তার পরিবারের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।