নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা আমবোঝাই ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কার ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে উভয় ট্রাকে থাকা ৬ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ট্রাকচালক আফসার আলীর (৪০) মৃত্যু হয়। তার বাড়ি ঢাকার গাজীপুর জেলায়। আহত ৬ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, উভয় ট্রাক সাপাহার উপজেলা থেকে আমবোঝাই গাড়ি নিয়ে ঢাকায় রওনা দিয়েছিল।
পত্নীতলা থানার ওসি শাহ্ মো. এনায়েতুর রহমান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে 'আমার দেশ'কে বলেন, 'এখন পর্যন্ত একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হন।'