উত্তরাঞ্চলে ধানের দাম নিম্নমুখী হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। একদিকে ফলন বিপর্যয়ের সম্ভবনা, অন্যদিকে ধানের দাম কমতে শুরু করায় চাষিদের মুখে হাসি নেই। যে পরিমাণ ধান জমিতে আছে, তা অধিক খরচে কাটতে হচ্ছে। এতে লোকসানের আশঙ্কা করছেন কেউ কেউ।
আমন মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯১ হাজার ৪০৩ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছিল। উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বাদ সেধেছে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। আধাপাকা ধান জমিতে নুয়ে পড়ায় ফলনেও কমতির আশঙ্কা রয়েছে। এর মাঝেও উত্তরাঞ্চলের বিভিন্ন হাটবাজারে রোপা আমন ধানের আমদানি বাড়ায় বাজারদর নিম্নমুখী। গত এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে ধানের দাম।
জানা গেছে, কাটা-মাড়াই মৌসুমের শুরুতেই রোপা আমন ধান জাতভেদে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, নাটোর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে প্রতি মণ স্বর্ণা-৫ জাতের ধান বিক্রি হচ্ছে ১,১০০ থেকে ১,১২০ টাকায়। বিআর-৪৯ জাতের ধান প্রতি মণ বিক্রি হচ্ছে ১,২১০ থেকে ১,২৩০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহের তুলনায় ৫০ থেকে ১০০ টাকা কম।
সান্তাহারের সালমান অটো মিল মালিক ও বৈশাখী অটো রাইস মিলের মালিকসহ ১০ জন মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকাসহ বিভিন্ন এলাকায় কলকারখানা বন্ধ হওয়ার কারণে বাজারে চালের চাহিদা কম। এজন্য এখনো তেমন কেনাকাটা শুরু হয়নি। অন্যান্য জেলার মিল মালিকরাও খুব একটা কিনছেন না।
বর্তমানে যে দরে ধান কেনাবেচা হচ্ছে, এমন বাজারে চাল বের করে বিক্রি করতে গিয়ে লোকসান হবে। তারপরও শ্রমিকদের ধরে রাখতে খুদ আর কুঁড়ার কারণে কিছুটা সহায়ক হচ্ছে। তবে ধান এবং চালের বাজারমূল্য স্থিতিশীল পর্যায়ে এলে কৃষক ও ব্যবসায়ী—উভয়ই লাভবান হবেন বলে জানান ব্যবসায়ীরা।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় প্রায় এক লাখ ৮৪ হাজার ২৪৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর ও সারিয়াকান্দিতে ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় এক কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৯৫০ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ বলেন, আমন ধান কাটা ও মাড়াই পুরোপুরি শেষ হলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বিশেষ করে ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৭৫ জাতের ফলন বেশ ভালো হয়েছিল। তবে টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বগুড়ায় পাকা ধানসহ দেড় হাজার হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধান।
তিনি আরো বলেন, অনেক কৃষকের কেটে রাখা পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত ২১ ও ২২ নভেম্বরের বৃষ্টিতে জেলায় ১,৫৪১ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান। জেলার ১৩ উপজেলায় ১,১৪৫ হেক্টর জমির পাকা ধান ক্ষতির সম্মুখীন হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সারিয়াকান্দিতে। এই উপজেলার ৭৫০ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর গাবতলীতে ২২০ হেক্টর, শিবগঞ্জে ৯০, আদমদীঘিতে ৭৫ ও নন্দীগ্রামে পাঁচ হেক্টর জমির পাকা আমন ধানের ক্ষতি হয়েছে।
সারিয়াকান্দির কৃষক হানিফ, নওগাঁর রানীনগরের কৃষক সাইফুদ্দিন এবং নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের কৃষকরা বলেন, ধান কেটে বাজারে নিয়ে যাচ্ছি দাম খুব কম। বৃষ্টিতে মড়ার ওপর খাঁড়ার ঘা তৈরি হয়েছে। ফলে একদিকে বাজারমূল্য কম, অন্যদিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি।
জয়পুরহাট চেম্বারের সভাপতি আনোয়ারুল হক আনু, নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সান্তাহারের বেলকম অটো, সালমান অটো ও বৈশাখী অটো রাইস মিলস, জয়পুরহাটের বটতলীর মিল মালিক লেবু মোল্লা, ক্ষেতলালের নুরুল ইসলাম, দিনাজপুরের আহম্মেদ উল্লাহ বলেন, বর্তমানে ধানের দাম পড়ে গেছে। আগামীতে আমদানি বাড়লে এবং মিলাররা কেনা শুরু করলে তখন দাম কিছুটা বাড়তে পারে।