বিএনপি প্রার্থী সেলিম রেজা
নারীদের তিরস্কার করে জামায়াতের আমিরের বক্তব্য অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা। তিনি বলেন, আজকে সারাদেশের নারীসমাজ ফুঁসে উঠেছে। নারীদের ইজ্জত নিয়ে খেলেছেন। তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। অথচ কাজিপুরের প্রায় তিরিশ হাজার নারী পোশাক কারখানায় চাকুরী করেন। আসন্ন নির্বাচনে তারা এই অপমানের প্রতিশোধ ব্যালটের মাধ্যমে দেবেন।
বুধবার (৪ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুরের সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি বাজারে এক পথসভায় সেলিম রেজা এসব কথা বলেন। উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন উপহার দেবো। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
স্থলবাড়ী ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার তালুকদারের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমূখ।