জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ওই বৃদ্ধ পুলিশ হেফাজতে। মিলেছে পরিচয়।
পরিচয় পাওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮), পিতা বাবু চন্দ্র বর্মন। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে।
দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যান্স ল্যান্ডে আটকে থাকার পর তাকে বৃহস্পতিবার সকাল সকাল ৭টায় উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা এলেই তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় ধানুয়া কামালপুর বিজিবি। বর্তমানে থানায় অবস্থান করছেন ওই বৃদ্ধ।
এর আগে বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর তাকে উদ্ধার করা হয়। বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।
এমএইচ