হোম > সারা দেশ > রাজশাহী

তারেক রহমানের সফরের পর বগুড়া বিএনপির প্রচারে নতুন গতি

সবুর শাহ্ লোটাস, বগুড়া

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বগুড়াসহ উত্তরাঞ্চলে জমে উঠেছে নির্বাচনি প্রচার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বগুড়া সফরের পর জেলায় নির্বাচনি আমেজ আরো জোরালো হয়েছে। এতে নতুন করে চাঙা হয়েছে বগুড়া জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে মাঠে নেমেছেন নেতাকর্মীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়ার ১২ উপজেলায় সাতটি সংসদীয় আসনে মোট ভোটারসংখ্যা ২৯ লাখ ৫৬ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬৭ হাজার এবং নারী ভোটার ১৪ লাখ ৮৮ হাজার। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা প্রায় ২১ হাজার বেশি।

বগুড়া সদর-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর তিনি বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন। জনসভা শেষে ঢাকায় ফেরার আগে তিনি দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ দিকনির্দেশনা দিয়ে যান। সেই নির্দেশনার আলোকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে।

ইতোমধ্যে সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ২১টি ওয়ার্ডে সমন্বয়কারী নিয়োগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে গিয়ে ধানের শীষে ভোট চাইছেন এবং বিএনপি ক্ষমতায় এলে বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ডসহ উন্নয়নমূলক কর্মসূচির কথা।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান এই গণসংযোগ কার্যক্রম পুরো বগুড়া জেলাজুড়েই চলছে। জেলার সাতটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতেই জেলা বিএনপির এই ব্যাপক প্রস্তুতি।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন বলেন, তারেক রহমানের বগুড়া সফরের পর ভোটের মাঠে স্পষ্ট পরিবর্তন এসেছে। নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়েছেন। সাধারণ ভোটাররা আমাদের সাদরে গ্রহণ করছেন। আমরা বিপুল ভোটে বিজয়ী হব।

সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি বলেন, বগুড়ার উন্নয়নে তারেক রহমানের বিকল্প নেই। জেলা বিএনপির দিকনির্দেশনায় আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছি।

সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ লক্ষ করা যাচ্ছে। বারপুর এলাকার বাসিন্দা আব্দুল হামিদ বলেন, অনেক দিন পর স্বাধীনভাবে ভোট দিতে পারব। যাকে ভোট দিলে বগুড়ার উন্নয়ন হবে, তাকেই ভোট দেব।

বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে মোহিত তালুকদার, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন এবং বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জোরালো প্রচার চালাচ্ছেন। দলীয় নেতাদের দাবি, বিএনপির ঐতিহ্যবাহী দুর্গ হিসেবে পরিচিত বগুড়ার সাতটি আসন পুনরুদ্ধারে এবার আশাবাদী তারা। নেতাকর্মীদের মতে, তারেক রহমানের সফরের পর দলীয় ঐক্য আরো সুদৃঢ় হয়েছে।

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী