হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী অফিস

রাজশাহীর চারঘাট উপজেলায় দলীয় কর্মীদের হাতে বিএনপি নেতা এরশাদ আলী (৬৫) খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউসুফপুর সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে নিহত এরশাদ আলীর ছেলে রিমন আলী বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলকে (৫৫)। এছাড়া চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনকেও (৪৮) এতে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- ইউসুফপুর নিখাইপাড়া গ্রামের মো. আমরাউল (৫৫), মো. জোয়াভ (৪৫), আতিকুল ইমলাম ওরফে সাইমুল (৪৫), মো. আসাদুল (৩০), মো. সুমন (৩২), মো. দাব্বির (২০) এবং মো. হালিম (৫০)। আতিকুল ইসলাম সাইদুল প্রধান আসামি আনোয়ার হোসেন উজ্জ্বলের চাচাত ভাই।

মামলার এজাহারে বলা হয়েছে, আনোয়ার হোসেন উজ্জলের সমর্থক এবং এলাকার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ গ্রুপের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বাদীর বাবা এরশাদ আলী সংসদ সদস্য আবু সাইদ চাঁদ গ্রুপের একজন সমর্থক। আগামী ৯ এপ্রিল ইউসুফপুর এ আলসার প্রধান অতিথি হওয়ার বিষয় নিয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ইউসুফপুর সিপাইপাড়া জামে মসজিদে স্থানীয় লোকজনদের মতবিনিময় হয়। সেখানে বাদী ও তার বাবাও উপস্থিত ছিলেন।

এজাহারে বলা হয়, জালসার প্রধান অতিথি হওয়ার বিষয়কে কেন্দ্র করে উজ্জ্বল গ্রুপের সমর্থকদের সঙ্গে আবু সাইদ চাঁদ গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন উজ্জ্বল গ্রুপের সমর্থকরা প্রকাশ্যে হুমকি প্রদান করেন যে, চাঁদকে সমর্থন করলে খুন জখম করে ফেলবেন। এরশাদ আলী এর প্রতিবাদ করলে আসামিরা উত্তেজিত হয়ে উঠেন। পরে তিনি মসজিদ থেকে চলে আসেন।

পরে রাতে এরশাদ আলী তারাবীর নামাজ পড়ার জন্য ইউসুফপুর দিপাইপাড়া মসজিদে যান। নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফেরার পথে ইউসুফপুর সিপাইপাড়া গ্রামে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বাঁশের লাঠি, লোহার রড, আমের ডাল ও পেয়ারা গাছের ডাল নিয়ে এরশাদ আলীর পথরোধ করেন। এরপর তাকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আনোয়ার হোসেন উজ্জ্বল জনবিচ্ছিন্ন। জনগণের সমর্থন নাই। তারা এখন মানুষ খুন করে রাজনীতি করতে চাচ্ছে। আমি এই ঘটনার কঠোর বিচার চাই। ইতোমধ্যে পুলিশ-প্রশাসনকে বলেছি।

তবে অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, যে গ্রামে ঘটনা, সে গ্রামেই আমার বাড়ি। যিনি মারা গেছেন তিনিও সম্পর্কে আমার দাদা। আসামিরাও সবাই আত্মীয়। মসজিদের কমিটি নিয়ে সমস্যায় এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে।

রাজশাহীর চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মামলা রেকর্ড হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তিনি জানান, শনিবার সকালে নিহত এরশাদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইভটিজিংয়ে বাধা দেয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

ধুনটে যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগ

ইনসাফ-ভিত্তিক সমাজ কায়েমে যুবসমাজকে সংগঠিত হতে হবে

ঈশ্বরদীতে দাদিকে খুন করে নাতনিকে অপহরণ, ধর্ষণের পর তাকেও হত্যা

নলডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার

রাজশাহীতে মাহফিলে প্রধান অতিথি করা নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

গুরুদাসপুরে দরপত্রের পরই ৫ লাখ চাঁদা দাবির অভিযোগ

আমের মুকুলে ছেয়ে গেছে রাবি ক্যাম্পাস

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, দুজনের অবস্থা গুরুতর