মহাকাশের অজানা রহস্য উন্মোচনে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন বিজ্ঞানীরা। অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব, গ্রহের বায়ুমণ্ডলে থাকা গ্যাস কিংবা দূরবর্তী মহাজাগতিক বস্তুর রাসায়নিক উপাদান শনাক্ত করতে প্রয়োজন হয় অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রের। আর এসব যন্ত্র উদ্ভাবনের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন পাবনার ঈশ্বরদীর মেয়ে ড. মাহমুদা সুলতানা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কর্মরত রয়েছেন মাহমুদা। ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর এবং ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবন নিয়ে কাজ করছেন তিনি। তার গবেষণার লক্ষ্য মহাকাশ অনুসন্ধানকে আরো কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তোলা।
পাবনার ঈশ্বরদীর জয়নগর গ্রামে জন্ম নেওয়া মাহমুদার বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হয় শৈশব থেকেই। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ছিল তার বিশেষ ঝোঁক। যন্ত্রপাতি কীভাবে কাজ করে এবং প্রযুক্তির সাহায্যে কীভাবে নতুন কিছু তৈরি করা যায়—এসব প্রশ্ন তাকে ভাবিয়ে তুলত। তার বাবা গোলাম জাকারিয়া (মানু) ছিলেন একজন প্রকৌশলী। বাবার সঙ্গে বিভিন্ন প্রকৌশল প্রকল্পে যাওয়ার সুবাদে ছোটবেলাতেই যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার কাছ থেকে দেখার সুযোগ হয় তার। সেই অভিজ্ঞতাই বিজ্ঞানের প্রতি আগ্রহকে আরো গভীর করে।
মহাকাশ গবেষণার স্বপ্ন দেখার পেছনেও ছিল পারিবারিক অনুপ্রেরণা। তার এক নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রের নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। ওই আত্মীয়ের কাছ থেকে মহাকাশ, গ্রহ-নক্ষত্র ও বৈজ্ঞানিক গবেষণার নানা গল্প শুনতেন মাহমুদা। এসব গল্পই একসময় তার সামনে মহাকাশ গবেষণায় যুক্ত হওয়ার স্বপ্ন তৈরি করে।
মাত্র ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে যান তিনি। সেখানে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। রাসায়নিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি গণিতেও বিশেষায়িত শিক্ষা নেন তিনি। অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে লাভ করেন ‘সুমা কাম লাউড’ সম্মাননা।
উচ্চশিক্ষার পরবর্তী ধাপে ভর্তি হন বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। সেখান থেকে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি সম্পন্ন করেন। পাশাপাশি কোয়ান্টাম মেকানিকস নিয়েও বিশেষায়িত গবেষণা করেন তিনি।
তবে এই সাফল্যের পথ মসৃণ ছিল না। প্রকৌশলীদের আবাসিক এলাকায় বেড়ে উঠলেও আশপাশে নারী প্রকৌশলীর উপস্থিতি খুব একটা দেখেননি মাহমুদা। ফলে একসময় তার মনেও প্রকৌশলকে পুরুষদের পেশা হিসেবে দেখার ভুল ধারণা তৈরি হয়েছিল। কিন্তু গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ভালোবাসা সেই সীমাবদ্ধতা অতিক্রম করতে তাকে সাহস জুগিয়েছে। নিজের মেধা, যোগ্যতা ও স্বপ্নের প্রতি অবিচল থেকে তিনি এগিয়ে গেছেন।
ঈশ্বরদীর সেই কিশোরী আজ নাসার গবেষণাগারে কাজ করছেন মহাকাশের অজানা জগৎ সম্পর্কে নতুন তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে। তার গবেষণার মাধ্যমে ভবিষ্যতে গ্রহ-উপগ্রহের পরিবেশ বিশ্লেষণ এবং মহাকাশে বৈজ্ঞানিক অনুসন্ধানের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
মাহমুদা সুলতানার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি বাংলাদেশের জন্যও গর্বের। বিশেষ করে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী তরুণীদের কাছে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার পথচলা প্রমাণ করে, স্বপ্ন দেখার সাহস, অধ্যবসায় ও মেধা থাকলে বাংলাদেশের মাটিতে বেড়ে উঠেও বিশ্ববিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখা সম্ভব।
এমই