হোম > সারা দেশ > রাজশাহী

একসঙ্গে তিন খাটিয়া, স্তব্ধ লালপুরের নগরকয়া

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

একসঙ্গে তিন খাটিয়া, স্তব্ধ লালপুরের নগরকয়া-“ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখবি কে রে বেটা…” নাটোরের লালপুরে ট্রাকচাপায় প্রাণ হারানো তিন দিনমজুরের মৃত্যু শুধু তিনটি প্রাণহানিই নয়-এটি ৩টি পরিবারের স্বপ্নভঙ্গ, তিনটি ঘরের আলো নিভে যাওয়ার করুণ গল্প। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নগরকয়া গ্রামে এখন বইছে শোকের ভারী বাতাস-চারদিকে শুধু কান্না আর আহাজারি।

গ্রামে ঢুকতেই কানে আসে বুকফাটা আর্তনাদ। পাশাপাশি তিনটি বাড়িতে তিনটি লাশ-কোথাও মায়ের হাহাকার, কোথাও স্ত্রীর নিস্তব্ধতা, কোথাও সন্তানের নির্বাক চাহনি। যেন পুরো গ্রামটাই এক বিশাল শোকসভায় পরিণত হয়েছে।

নিহত বাবুলের মা ছেলের লাশের পাশে বসে বিলাপ করছেন- “ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখবি কে রে বেটা…” তার সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখেও নেমে আসে অশ্রু।

বাবুলের স্ত্রী রাখি শোকে পাথর হয়ে গেছেন। তিনি জানান, সংসারের অভাব মেটাতে তার স্বামী প্রায়ই বাইরে কাজে যেতেন, কাজ শেষে ১০-১২ দিন পর আবার ফিরে আসতেন। কিন্তু এবার আর ফেরা হলো না।

“আমি এখন কী নিয়ে বাঁচবো?”-এই প্রশ্নেই যেন থমকে গেছে তার জীবন।

তাদের ১৭ বছরের ছেলে রাকিবুল ও ১৪ বছরের মেয়ে বৃষ্টি-দুজনেই নির্বাক, যেন হঠাৎ করেই বড় হয়ে গেছে।

অন্যদিকে, নিহত মনিরুল ইসলামের ৮০ বছর বয়সি মা মরিয়ম বেগম ছেলের স্মৃতি করছে আর কান্নায় ভেঙে পড়েছেন। বোন ছকিনা ভাই হারানোর শোকে প্রায় পাগলপ্রায়। কান্নার মাঝে বারবার মরছা যাচ্ছেন কান্নার মাঝেই বারবার জ্ঞান হারাচ্ছেন।

মনিরুলের স্ত্রী লিমা (২২) সাত বছরের সন্তান রিফাতকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন-আর তার গর্ভে রয়েছে পাঁচ মাসের আরেকটি সন্তান। কাজে বের হওয়ার সময় স্বামী বলেছিলেন বর্গা নিয়া জমিটুকুর দিকে খেয়াল রেখো।

তার চোখে এখন শুধু অনিশ্চয়তার অন্ধকার। তার সংসারে উপার্জন করার মত কোন মানুষ নেই। কি নিয়ে বাঁচবেন, কিভাবে চলবে সংসার। নানান ভাবনায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আরেক নিহত জাহিদুল ইসলামের পরিবারেও নেমে এসেছে একই শোকের ছায়া। আত্মসম্মানবোধে দৃঢ় এই পরিবার কখনো কারো কাছে হাত পাতেনি। সংসারের টানাপোড়েন সামলাতে জীবনে এই প্রথম কাজের সন্ধানে বের হয়েছিলেন তিনি।

রেখে গেছেন দুই মেয়ে-চাঁদনী (১৯), প্রথম বর্ষের ছাত্রী, এবং জান্নাতি (১৩), নবম শ্রেণির ছাত্রী। তাদের চোখে এখন আতঙ্ক আর অনিশ্চয়তা- স্বপ্নগুলো কি এখানেই থেমে যাবে?

তাদের আত্মীয় জয়তুননেছা জানান, অভাব-অনটনের মধ্যেও সততা আর পরিশ্রম দিয়েই জীবন চালিয়ে যাচ্ছিলেন তারা। জীবনের তাগিদেই প্রতিবেশীদের সঙ্গে কাজের উদ্দেশ্যে এই প্রথম বাহিরে বের হয়েছিলেন জাহিদুল ইসলাম। কিন্তু নির্মম নিয়তির পরিহাস- ৬জনের মধ্যে ৩ জনই আর ফিরে এলেন না।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় বালুভর্তি ট্রাকের চাপায় একটি ইজিবাইক দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে জাহিদুল ইসলাম নামের এক যাত্রী নিহত হন। চালকসহ আরো ৬জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ৫জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পথে চারঘাট এলাকায় মনিরুলের মৃত্যু হয় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যান। একে একে তাদের লাশ নগরকয়া গ্রামে পৌঁছে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

বাদ আসর যখন জানাজার জন্য তিনটি খাটিয়া একসঙ্গে গ্রামের মাটি থেকে উঠানো হয়, তখন সেই দৃশ্য ছিল হৃদয়বিদারক। মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই-বোনসহ স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

পরে দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া বাগুদেওয়ান (রহ:) আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মাগরিবের আগ মুহূর্তে তাদের দাফন সম্পন্ন হয়।

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

জনগণকে দেওয়া সকল অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর : দুলু

আদমদীঘিতে অকটেনশূন্য চার ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা

বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মুন্নার মৃত্যু

নাটোরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বেশি দামে জ্বালানি তেল বিক্রি, দোকানিকে জরিমানা ও তেল জব্দ

অপরাধ দমনে হটলাইন চালুর নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সুপারসহ আহত ৩৫

ভাঙ্গুড়ায় সালাত আদায় করে পুরস্কার পেল ৫৭ শিশু-কিশোর