পাবনা-৩
পাবনার চাটমোহরে এবার ধানের শীষ ছেড়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নামলেন দুই যুবদল নেতা। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পৌর শহরের পাঠানপাড়া ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলামের বাসভবনে সাংবাদকিদের সাথে মতবিনিময় সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন ও পৌর যুবদলের আহবায়ক তানভীর লিখন জুয়েল বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে পাবনা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচনের ঘোষণা দেন।
এর আগে তারা এই পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা,ফরিদপুর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে নির্বাচন করে আসছিলেন।
পৌর যুবদলের আহবায়ক তানভির লিখন জুয়েল তার বক্তব্যে বলেন, চাটমোহরে যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে আজকে তারা দল থেকে বহিষ্কার। এই এলাকার আপামর মানুষ চায় স্থানীয় প্রার্থী। বড় দুঃখের ব্যাপার কেন্দ্রীয় বিএনপির কিছু দালাল পাবনা-৩ এর মানুষের ওপর তুহিন ভাইকে (ধানের শীষের প্রার্থী) চাপিয়ে দিয়েছে। আমরা জানি, আমাদেরও দল থেকে বহিষ্কার করা হবে। বহিষ্কার করে কী করবেন, আমরাই দল থেকে পদত্যাগ করলাম। ’
উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, ‘বিএনপি কিছু সিন্ডিকেট আমাদের ওপর তুহিন ভাইকে চাপিয়ে দেওয়া হয়েছে। উনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন। আমরা চাটমোহরের সাধারণ মানুষের পালস বুঝে এবং বিএনপিকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছি। তাই স্থানীয় প্রার্থীর পক্ষে আমরা নির্বাচন করব এবং তাকে বিজয়ী ঘরে ফিরব।’
এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল প্রমুখ। এদিকে এই সংবাদ সম্মেলনের পর সোমবার রাতেই ফারুক এবং লিখনকে দল থেকে বহিষ্কার করা হয়।