ঘন কুয়াশায় বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শুক্রবার ভোরে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় এখানো জানা যায়নি। তবে তিনি মাছবাহী ট্রাকের চালকের সহকারী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে রণবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আমরা চেষ্টা করছি নাম-পরিচয় জানার। মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।