হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে উঠছে শীতকালীন টমেটো, দাম না পেয়ে হতাশ কৃষক

সাইফুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী)

জমি থেকে উঠছে আগাম জাতের টমেটো। ছবি: আমার দেশ

শীতের শুরুতেই ‘রাজশাহীর টমেটো’ খ্যাত গোদাগাড়ীতে জমি থেকে উঠতে শুরু করেছে আগাম জাতের শীতকালীন হাইব্রিড টমেটো। কিন্তু বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও টমেটোর ভালো দাম না পেয়ে হতাশায় ভুগছেন কৃষকেরা। বর্তমানে গোদাগাড়ীতে প্রতি মণ কাঁচা টমেটো ১ হাজার ২০০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে।

এ বছর বরেন্দ্র অঞ্চলে ছয় জাতের টমেটো চাষ হয়েছে। এরমধ্যে তিন জাতের আবাদ বেশি। রাজশাহী জেলায় তিন ভাগের দুই ভাগেরও বেশি টমেটো উৎপাদন হয় গোদাগাড়ী উপজেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের বিভিন্ন অঞ্চলে। বরেন্দ্র অঞ্চলের এই উপজেলা টমেটো চাষের জন্য পরিচিত।

গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ দফতর সূত্রে জানা গেছে, চলতি বছর গোদাগাড়ী উপজেলায় দুই হাজার ৮২০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ মেট্রিকটন।

গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী মহল্লার টমেটো চাষি জিয়া বলেন, ‘টমেটো চাষের প্রথম দিকে ভালোই দাম পাওয়া যায়, শেষের দিকে দাম অনেক কমে যায়। তিনি জানান, টমেটো ব্যবসায়ীরা মূলত বাইরের দেশের বিভিন্ন জেলা থেকে এসে ব্যবসা করেন। তারা বিভিন্ন এলাকা ঘুরে টমেটো কিনে ট্রাকে ভর্তি করে নিয়ে যান। সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও থাকেন।’

উপজেলার বেজড়া এলাকার টমেটোচাষি আবুল হোসেন জানান, টমেটোর গাছে যে সময় ফুল ও ফল আসার কথা ছিল, ঠিক সে সময়ই গত সপ্তাহের টানা তিন দিনের বৃষ্টির কারণে ফুল নষ্ট হয়। গাছের পাতা কোঁকড়ানো রোগের আক্রমণ দেখা দেয়, কিছু গাছ উপড়ে ফেলতে হবে। ফলে জমিতে এবার উৎপাদন কম হবে।

সরবরাহের জন্য ক্যারেটে ভরা হচ্ছে টমেটো। ছবি: আমার দেশ

কৃষকরা জানান, পচনশীলতা ও সংরক্ষণের অভাবে টমেটো বেশি দিন রাখা যায় না, আর কোল্ড স্টোরেজ না থাকায় দ্রুত বিক্রি করতে হয়। তারা বলেন, সরাসরি বড় বাজারে নেওয়ার সুযোগ বা পুঁজির অভাবে অনেক কৃষক স্থানীয় পর্যায়ে কম দামে পাইকারের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, অথচ খুচরা বাজারে দাম বেশি থাকে।

ব্যবসায়ী সুমন বলেন, প্রতি বছর টমেটোর ভরা মৌসুমে ভারতীয় টমেটো আমদানি করা হয়। চলিত মৌসুমেও ভারত থেকে আমদানি করা টমেটো বাজারে দেখা যাচ্ছে। আমদানি বন্ধ না হলে টমেটো ব্যবসায়ী ও চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

জানতে চাইলে শরীয়তপুর থেকে গোদাগাড়ীতে টমেটো কিনতে আসা রুবেল নামের এক পাইকারী ক্রেতা বলেন, ‘এবারের মৌসুমটাই খারাপ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পাকা টমেটোর দাম কম থাকায় বেশি দামে কাঁচা টমেটো কিনলে সেগুলো পাকিয়ে লোকসানে পড়তে হবে। কারণ হিসেবে তিনি বলেন, ভারতীয় টমেটো আমদানি বন্ধ না হওয়া পর্যন্ত টমেটোর দর কম থাকবে। এ কারণে টমেটোর দাম কমে গেছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ আমার দেশকে জানান, গত বছর প্রায় ১৫০ কোটি টাকার টমেটো বিক্রি হয়েছে। এছাড়া পরিবহন ও শ্রমিক মিলে আরো ২৫ কোটি টাকার লেনদেন হয়। টমেটো কেনাবেচাকে কেন্দ্র করে সবমিলে ২০০ কোটি টাকার লেনদেন হয় প্রতি বছর।

তিনি আরো জানান, টমেটো উৎপাদন মৌসুম সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত (চার মাস) ধরা হয়। এই অঞ্চলে টমেটো দু’বারে চাষ হয়। এর মধ্যে মাচায় গ্রীষ্মকালীন টমেটো আগে উঠে। এই টমেটোর দাম বেশি পান চাষিরা। যা বাজারে বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। শীতকালীন টমেটো শুরুতে বিক্রি হয় ৮০ টাকা কেজি দরে। মৌসুমের শেষের দিকে বিক্রি হয় সর্বনিম্ন ৫ থেকে ১০ টাকায়।

ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়

প্রকল্প জটিলতা ও জনবল সংকটে যক্ষ্মা চিকিৎসাসেবা হুমকির মুখে

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন

পরীক্ষায় অসদুপায়, রাবির ৬০শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের

রূপপুরে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল, প্রকল্পে জ্বালানি সরবরাহ সম্পন্ন

শনিবার তাফসির করতে রাজশাহী আসছেন আজহারী

চলনবিলে ‘সাদা সোনা’ চাষে ব্যস্ত কৃষক

গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল