নির্বাচনি প্রচারের সময় মহিলাদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে পৌরশহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের এস এস রোড, চৌরাস্তা, মুজিব সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে স্লোগানে স্লোগানে নির্বাচনি প্রচারে নারীদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে এসব ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে জবাব চাওয়া হয়। এ সময় ‘আল্লাহু আকবার, দাঁড়িপাল্লা’ স্লোগানও দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম। এছাড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলামসহ মহিলা জামায়াতের কর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনি প্রচারণার কাজে নারীদের উপর সহিংসতা, হামলা ও অশালীন আচরণে প্রশাসন যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, আজকে সিরাজগঞ্জের মা-বোনেরা প্রমাণ করেছে তারা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নয়। তারা প্রতিবাদ করতে জানে, তারা প্রতিরোধ করতে জানে।
তিনি আরো বলেন, বাংলাদেশের নারী সমাজ তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উদাহরণ টেনে তিনি বলেন, তারা নিরাপদ ক্যাম্পাস পেয়েছে ছাত্রশিবিরের নেতৃত্বে। আগামীর বাংলাদেশে নারী সমাজ জামায়াতে ইসলামের নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ জামায়াতের মহিলা বিভাগের শত শত নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।