বাংলাদেশের স্থাপত্যশিল্পে পরিবেশবান্ধব নকশা ও কর্মবান্ধব কর্মপরিবেশের অনন্য সমন্বয়ে সেরা রংপুরের কারুপণ্য রংপুর লিমিটেডের সাততলা গ্রিন ফিল্ড ফ্যাক্টরি। নারী শ্রমিকদের কল্যাণ, পরিবেশবান্ধব নকশা ও কর্মবান্ধব কর্মপরিবেশের জন্য ভবনটির সুনাম বিশ্বজড়ে। গ্রিন ফিল্ড ফ্যাক্টরিকে বলা হয় ‘নীরব বিনয়ের এক অনন্য স্থাপত্যকর্ম’।
রংপুর শহরে অবস্থিত কারখানাটির আয়তন ১ লাখ ৪৪ হাজার বর্গফুটের বেশি। সাততলা ভবনটির নকশা করেছে বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টস। ২০১৭ সালে কারখানাটির কার্যক্রম শুরু হয়। তবে করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন কারণে রিবার বিচারক দল সরেজমিনে ভবনটি পরিদর্শন করতে পারেনি। চলতি বছরের সেপ্টেম্বরে বিচারকেরা কারখানাটি পরিদর্শন করেন।
কারখানাটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো শিল্পকারখানার পরিবেশের সঙ্গে প্রকৃতির নিবিড় সংযোগ তৈরি করা। ভবনজুড়ে রয়েছে সবুজে ঘেরা প্রাঙ্গণ, বাগান, গাছপালায় আচ্ছাদিত দেয়াল, খোলা বারান্দা এবং পুকুরঘেরা হাঁটার পথ। এসব নকশার মাধ্যমে কর্মীদের কর্মস্থলে প্রকৃতির সান্নিধ্য নিশ্চিত করা হয়েছে।
কারখানাটির নকশায় বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ বসতবাড়ির আদল অনুসরণ করেছেন স্থপতিরা। বাংলাদেশের প্রচলিত গ্রামীণ বাড়িতে যেমন উঠান, পুকুর ও খোলা জায়গার সমন্বয় থাকে, তেমনি এই কারখানাতেও রাখা হয়েছে একাধিক উন্মুক্ত প্রাঙ্গণ ও সবুজ পরিবেশ।
তবে স্থাপত্যের সৌন্দর্যের পাশাপাশি শ্রমিকদের কল্যাণে নেওয়া উদ্যোগ আকৃষ্ট করার মতো। কারখানাটিতে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন, যাদের অধিকাংশই নারী। তাদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে ভবনটিতে রাখা হয়েছে ছাদে শিশু দিবাযত্ন কেন্দ্র, চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা এবং কর্মীদের অবসর ও পারস্পরিক যোগাযোগের জন্য ছায়াঘেরা স্থান। কারখানার প্রবেশপথে স্থাপন করা হয়েছে নারীর ক্ষমতায়ন ও শক্তির প্রতীক হিসেবে একটি বিশাল নারী মূর্তি।
কারখানাটির সুযোগ-সুবিধা শুধু কর্মঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক কর্মী ছুটির সময় পরিবারের সদস্যদের নিয়েও এসব সুবিধা ব্যবহার করেন। প্রচলিত শিল্পকারখানার ধারণার বাইরে গিয়ে কর্মীদের জীবনযাত্রা ও মানবিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার কারণে প্রকল্পটি বিশেষ প্রশংসা পেয়েছে।
ভবনটির আরেকটি ব্যতিক্রমী দিক হলো এর প্রবেশপথ। বাংলাদেশের বড় শিল্পকারখানাগুলোতে সাধারণত শ্রমিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আলাদা প্রবেশপথ দেখা যায়। কিন্তু গ্রিন ফিল্ড ফ্যাক্টরিতে শ্রমিক, ব্যবস্থাপক ও মালিক—সবাই একই প্রধান প্রবেশপথ ব্যবহার করেন। বিষয়টিকে কর্মক্ষেত্রে সামাজিক মর্যাদার বৈষম্য কমানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এই অভিন্ন প্রবেশপথকে ‘সমমর্যাদার অভিন্ন প্রবেশদ্বার’ হিসেবে অভিহিত করা হয়। কারখানাটির নকশা কর্মক্ষেত্রে প্রচলিত সামাজিক স্তরবিন্যাস ও বৈষম্যের ধারণাকে চ্যালেঞ্জ করে।
নকশাবিদ আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি বায়েজিদ এম খন্দকার বলেন, তিনি দেখাতে চেয়েছেন, শিল্পপ্রতিষ্ঠানও মানুষের জন্য প্রাণবন্ত, পরিচর্যামূলক ও অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করতে পারে।
তার ভাষায়, তারা একটি সহজ প্রশ্ন সামনে রেখেছিলেন—যারা একটি কারখানায় কাজ করেন, ভবনটি যদি শুরু থেকেই তাদের জন্য একটি বাড়ির মতো করে নকশা করা হয়, তাহলে কেমন হবে? সেই ভাবনা থেকেই কারখানার প্রতিটি উঠান, বাগান, জলাধার ও ছায়াঘেরা বারান্দার পরিকল্পনা করা হয়েছে। একটি কারখানা শুধু মানুষের শ্রমশক্তি ব্যবহারের যন্ত্র হবে না, বরং কাজের পরিবেশ মানুষের শক্তি ও উদ্যম ফিরিয়ে দেওয়ার মতো হওয়া উচিত।
কারুপণ্য রংপুর লিমিটেড পরিচালিত এই কারখানায় হাতে তৈরি কার্পেটের পাশাপাশি ডোরম্যাট ও বাথম্যাটসহ বিভিন্ন বস্ত্রপণ্য উৎপাদিত হয়। শিল্পকারখানার নকশায় শুধু উৎপাদন ও বাণিজ্যিক প্রয়োজন নয়, শ্রমিকের মর্যাদা, নারীর ক্ষমতায়ন এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানকেও সমান গুরুত্ব দেওয়া সম্ভব।