হোম > সারা দেশ > রংপুর

চার দিনে গ্রামীণ ব্যাংকের ১০ শাখা ও চার বাসে অগ্নিসংযোগ

বাদশাহ ওসমানী, রংপুর

রংপুর মহানগরীসহ উত্তরাঞ্চলে একের পর এক ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং যানবাহনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চার দিনে উত্তরাঞ্চলের ১৭ স্থানে ৪২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এর মধ্যে রংপুর নগরীতে চারটি বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এছাড়া গ্রামীণ ব্যাংকের ১০ শাখায় আগুন দেওয়া হয়েছে।

আওয়ামী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিএনপি, ছাত্রদল-যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রতিনিয়ত শোডাউন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। তবুও ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অগ্নিসন্ত্রাস, নাশকতা।

এদিকে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পরপর চারটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গোয়েন্দাদের ব্যর্থতাকে দায়ী করেছেন স্থানীয়রা।

পরিবহন মালিক সমিতি জানায়, সাম্প্রতিক নাশকতায় রংপুরে তিনটি বাস এবং একটি মিনি ট্রাক পুড়ে যাওয়ায় প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি ওয়াসিমুল বারী রাজ আমার দেশকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সমিতির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রাতে নিজস্ব পাহারা জোরদার করা হয়েছে। এর পরেও নাশকতার ঘটনা ঘটাচ্ছে খুনি হাসিনার অনুসারীরা। পুলিশের টহল থাকার পরেও পরিবহনে অগ্নিসন্ত্রাস থেমে নেই। পরিবহনের নিরাপত্তা নিশ্চিত না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দেন তিনি।

পরিবহন শ্রমিক আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অগ্নিসংযোগের আতঙ্কে রংপুর-ঢাকা, রংপুর-দিনাজপুর মহাসড়ক এবং উত্তরাঞ্চলের আঞ্চলিক সড়কগুলোতে বাস চলাচল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে গেছে।

তিন দিনের ব্যবধানে ৪২ ককটেল বিস্ফোরণ

গোয়েন্দা বিভাগ বিশ্বস্ত সূত্র জানায়, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরাঞ্চলের আটটি জেলায় ৪২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলায় পাঁচটি, গঙ্গাচড়ায় দুটি, লালমনিরহাটে চারটি, কুড়িগ্রামে তিনটি, নীলফামারীতে পাঁচটি, ঠাকুরগাঁওয়ে দুটি, গাইবান্ধায় ছয়টি, বৃহত্তর দিনাজপুর জেলায় ১২টি এবং পঞ্চগড়ে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৩০টিরও বেশি ককটেল উদ্ধার করেছে।

গ্রামীণ ব্যাংকের ১০ শাখায় অগ্নিসংযোগ

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রংপুর বিভাগের আট জেলায় নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের দশটি শাখায় অগ্নিসংযোগ এবং প্রধান ফটকে ভাঙচুর করেছে। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের মিঠাপুকুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড় উল্লেখযোগ্য।

মোসাদ্দেক নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা আমার দেশকে বলেন, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তির সম্পদ না, এটি রাষ্ট্রীয় সম্পদ। পলাতক হাসিনা সব সময় ড. মুহাম্মদ ইউনূসকে ভয় পায়। তাই প্রতিশোধ নেওয়ার জন্য তারা রাতের আঁধারে গ্রামীণ ব্যাংককে টার্গেট করছে।

দলীয় অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করেছেন। এর মধ্যে মিঠাপুকুরের বেগম রোকেয়ার ঐতিহ্যবাহী রোকেয়া প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ, গাইবান্ধা কলেজে ভাঙচুর, লালমনিরহাটের আদিতমারীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, গঙ্গাচড়া অফিসে ভাঙচুর, দিনাজপুরের হাকিমপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে হামলা করে।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

উত্তরাঞ্চলে কয়েকটি পরিবহনে অগ্নিসংযোগ, বিএনপির অফিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হামলা-ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ বিভিন্ন পেশার মানুষ।

পরিবহন ব্যবসায়ী বাবুল শাহ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে পরিবহনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করছে, তাতে পরিবহন ব্যবসায়ীরা আতঙ্কিত। পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় মনে হচ্ছে।

ধান-চাল ব্যবসায়ী বাবু মিয়া বলেন, আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিহত করতে বিএনপি মাঠে থাকলেও প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না। নাশকতার আশঙ্কায় আমরা গাড়ি বের করতে সাহস পাচ্ছি না। পরিবহন ঠিকমতো না পেলে আমাদের ব্যবসা লাটে উঠবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান হোসেন আমার দেশকে বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, লুটপাট ও ভাঙচুরে বিশ্বাসী। ১৭ বছর তারা দেশ থেকে লুটপাট করে সবকিছু বিদেশে পাচার করেছে। ওই সময় প্রশাসন তাদের আগ বাড়িয়ে সহযোগিতা করেছে।

বিএনপির মিছিল ও শোডাউন

জেলা যুবদলের আহ্বায়ক জহির রায়হান নয়নসহ একাধিক নেতা আমার দেশকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী, নাশকতা ও অগ্নিসংযোগকারীদের ধরতে আমরা রাত-দিন মাঠে কাজ করছি। তারা ভিন্ন কৌশল অবলম্বন করে দাঁড়িয়ে থাকা বাস-ট্রাক, শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল আলম নাজু আমার দেশকে বলেন, টোকাই ও নেশাখোরদের টাকা দিয়ে পরিবহনসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের চেষ্টা করছে আওয়ামী দুর্বৃত্তরা। ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে তাদের এই অপচেষ্টা প্রতিহত করা হবে।

ভিন্ন কৌশলে নাশকতা চালাচ্ছে আ.লীগ

পুলিশের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমার দেশকে বলেন, উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রকাশ্যে মিছিল-মিটিং ও পিকেটিং করছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অগ্নিসংযোগ ও নাশকতার জন্য তারা এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছে। অগ্নিসংযোগ ও নাশকতার জন্য তারা ফুটপাতে থাকা বিভিন্ন ধরনের নেশাখোর, ছিনতাইকারী এবং জামিনে থাকা বিভিন্ন মামলার দাগি আসামিদের ভাড়া করছে। সাধারণ ব্যাগে পেট্রোলবোমা নিয়ে ভোরবেলা দাঁড়িয়ে থাকা পরিবহনে আগুন দিচ্ছে তারা।

আরপিএমপির বক্তব্য

কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম ও ডিসি সনাতন চক্রবর্তী জানিয়েছেন, নাশকতার পেছনে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রাতে টহল জোরদার করা হয়েছে।

এরপরেও বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা বাস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দলীয় অফিসে হামলার ঘটনা ঘটছেÑএমন প্রশ্নের জবাবে তারা বলেন, আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আমরা দ্রুত অগ্নিসংযোগ ও নাশকতাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।

রংপুর রেঞ্জ পুলিশের বক্তব্য

এ বিষয়ে রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, রংপুরের আট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টাকারীদের রুখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

তবে নাশকতাকারীদের তাৎক্ষণিক আটক করা বা সাধারণ মানুষের পুলিশের উপর অনাস্থার বিষয়ে প্রশ্ন করা হলে মিডিয়া সেলের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-নছিমন খাদে পড়ে নিহত ২

গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম

গঙ্গাচড়ায় ৭৬ শিক্ষার্থীর কুরআনের ছবক, কৃতী ১১০ জনকে সংবর্ধনা

ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে বিএনপির পতাকাতলে আসুন: প্রতিমন্ত্রী

গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

আ.লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার

টানা ৪০ দিন জামাতে নামাজ, সাইকেলসহ পুরস্কার পেল ১৮ শিশু

দিনাজপুরে অচিরেই প্রতিষ্ঠা করা হবে ক্যাডেট কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ: এমপি জাহাঙ্গীর

নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও প্রচার, ভণ্ড পীর গ্রেপ্তার