গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (ঠাকুরবাড়ী) এলাকায় সরকারি এক কর্মকর্তার বাসার তৃতীয় তলার দুটি ইউনিটের তালা ভেঙে স্বর্ণালংকার ও রুপার গহনা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার ও রুপার গহনা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন বাসার মালিক প্রশান্ত কুমার ওরফে তপু।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রশান্ত কুমার তপু বর্তমানে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি পরিবারসহ কর্মস্থলের সরকারি কোয়ার্টারে বসবাস করেন। গোবিন্দগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (ঠাকুরবাড়ী) এলাকায় তার নিজস্ব বাসা রয়েছে।
গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ওই বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া তপু মহন্ত পরিবারসহ ঘুমিয়ে পড়েন। এ সময় বাসার তৃতীয় তলার দুটি ইউনিট আগে থেকেই তালাবদ্ধ ছিল।
পরদিন ১০ নভেম্বর বিকেল ৩টার দিকে বাসার আরেক ভাড়াটিয়া নিঝুম মহন্ত ছাদে কাপড় শুকাতে গেলে তৃতীয় তলার দুটি ইউনিটের দরজা খোলা দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে অন্য ভাড়াটিয়া ও স্থানীয়রা সেখানে গিয়ে কক্ষগুলোর তালা ভাঙা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বাসার মালিক প্রশান্ত কুমার তপু পরিবারের সদস্যদের নিয়ে ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে বাড়িতে আসেন। পরে ঘরের মালামাল তল্লাশি করে আলমারিতে রাখা তার স্ত্রী লাবনী রানী ও মা তুলশী রানীর স্বর্ণালংকার ও রুপার গহনা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।
অভিযোগ অনুযায়ী, চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ২ ভরি ৮ আনা, যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ছাড়া ১২ ভরি রুপার গহনার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকার গহনা খোয়া গেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) তালেবকে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।