জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, সততা ও আন্তরিকতার সঙ্গে সরকার দেশ চালাচ্ছে। একটা দেশকে চালাতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হয়। সরকার গো-খাদ্যের দাম কমাতে বিভিন্নভাবে কাজ করছে। অতীতে আদর্শ কৃষক বা গৃহস্থরা গরু-ছাগল বাড়িতে পুষতেন। বর্তমানে স্বল্প আয়ের মানুষও গরু-ছাগল পুষে স্বাবলম্বী হচ্ছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রার নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ অফিসার রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, ভেটেরিনারি সার্জন ডা. আরিফা পারভীন, অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন প্রমুখ বক্তব্য দেন।
এ সময় সব সরকারি দপ্তরের কর্মকর্তা, গো-খামারি, ছাগল খামারিসহ বিভিন্ন খামারি উপস্থিত ছিলেন।