লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয়দের বাধা ও হামলার মুখে পড়েন লালমনিরহাট সদর থানার পুলিশ সদস্যরা। এতে এক নারী পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও এর চালককে আমতলা এলাকায় পাঁচ ব্যক্তি আটক করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং সংশ্লিষ্টদের ধাওয়া করেন। এ সময় স্থানীয়রা অটোরিকশাচালক এরশাদুল হক (৩৫) এবং বড়বাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুকে (৩৫) আটক করেন। তবে অপর চারজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আটক দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিতে চাইলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। তাদের দাবি ছিল, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে।
এ নিয়ে পুলিশের সঙ্গে বাধাদানকারীদের প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, একপর্যায়ে উত্তাল জনতা পুলিশের গাড়িতেও হামলা চালায়। পরে পুলিশ আটক দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে একদল লোক আকস্মিক পুলিশের ওপর চড়াও হয়। এতে সদর থানার এসআই এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, পুলিশ সদস্য মামুন, লিটন ও একজন নারী পুলিশ সদস্য আহত হন।
আটক রফিকুল ইসলাম অপু সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং অপর আটক ব্যক্তি অটোরিকশাচালক এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল। স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া চারজনের বাড়ি বড়বাড়ী এলাকায় হতে পারে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।