হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই নারী আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের মৃত সুরত আলীর পরিবার ও প্রতিবেশী আবুল কাশেমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটে। সুরত আলীর মৃত্যুর পর তার মেয়ে রোকেয়া বেগম সাহসিকতার সঙ্গে পরিবারের আইনি লড়াই ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করতেন। অভিযোগ রয়েছে, তার দৃঢ় অবস্থান ও বুদ্ধিমত্তার কারণে প্রতিপক্ষ বারবার পরাস্ত হওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করে আবুল কাশেম ও তার ছেলে মমিনুল ইসলাম।

গত ১৬ এপ্রিল বিকেলে রোকেয়া বেগম প্রতিবেশীর বাড়িতে গোসল করতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে পূর্ব থেকে ওত পেতে থাকা মমিনুল ইসলাম, তার বোন শাহানা বেগমসহ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় হামলাকারীরা কাপড় দিয়ে তার মুখ পেঁচিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় নিহতের স্বজনরা পীরগাছা থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫–৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২১, তারিখ: ১৭ এপ্রিল ২০২৬)।

মামলার প্রধান আসামি মমিনুল ইসলাম পলাতক থাকলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই নারী আসামি মোমেনা বেগম ও শাহানা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, নিহত রোকেয়া বেগমের স্বজনরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর ডাকনিরপাটে শুরু হলো গরুর গোশত বিক্রি

জুমার নামাজের খুতবা শোনা অবস্থায় মুসল্লির মৃত্যু

গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রৌমারীর বড়াইবাড়ি দিবস কাল, রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ২৫ বছর

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার