‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে মধ্যরাতে মহানগরীতে মোটরসাইকেল শোডাউন করেছে রংপুর মহানগর যুবদল ও ছাত্রদল।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি পায়রা চত্বর, জুলাই চত্বর, কাচারি বাজার চেকপোস্ট, টার্মিনাল, দর্শনা মডার্ন মোড়, পার্কের মোড় হয়ে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় তারা ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘ধর ধর ছাত্রলীগ ধর’, ‘ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।
বাইক শোডাউনে অংশ নেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্যসচিব রবিউল ইসলাম রবিসহ ছাত্রদল ও যুবদলের নেতারা। এ ছাড়া সিটি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা।
অংশ নেওয়া নেতারা বলেন, সারা রাত ধরে রংপুর মহানগরীর রাজপথ পাহারা দেবে ছাত্রদল। যেখানে সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিহত করার ঘোষণা দেন তারা।
এদিকে নগরীর বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। রাত ১২টার দিকে মিঠাপুকুরের ওভারব্রিজের নিচ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন স্থানীয়রা।