সাঘাটা উপজেলার ভরতখালীতে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমার সংবাদ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি ইয়ামিন হাসানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক ইয়ামিন।
জানা যায়, গত ১১ জুলাই রাতে সাংবাদিক ইয়ামিন হাসান ভরতখালী বাজারে তার কার্যালয়ে কাজ করছিলেন। এমন সময় স্থানীয় চার পাঁচজনের একটি কিশোর গ্যাং তার কার্যালয় ঘিরে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির দেন।
ইয়ামিন জানান, আমার সংবাদ-এ ‘সাঘাটায় মাদকের ভয়াল থাবা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। মাদক ও স্থানীয় দোকানপাট চুরিসহ নানা অপরাধী কিশোর গ্যায়ের সংশ্লিষ্টতার বিষয় সংবাদে তুলে ধরা হয়।
এতে কিশোর গ্যাংয়ের কারো নাম উল্লেখ না থাকলেও এতে ক্ষিপ্ত হয়ে ভরতখালী এলাকার নিরব ইসলাম সেতু, স্থানীয় শান্ত মিয়া ও রিয়াজসহ অজ্ঞাত ৫-৬ জন যুবক শনিবার রাতে সাংবাদিক ইয়ামিনের ওই অফিস ঘিরে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।
সাংবাদিক ইয়ামিন হাসান তাৎক্ষণিকভাবে সাঘাটা থানার ওসিকে ফোনে বিষয়টি অবগত এবং ফেসবুকে পোস্ট দিয়ে সহযোগিতা চান। খবর পেয়ে স্থানীয় সাধারণ মানুষ দ্রুত সেখানে আসতে থাকলে অভিযুক্তরা ইয়ামিন হাসানকে চিৎকার করে প্রকাশ্য জনসম্মুখে হুমকি দিয়ে অটোভ্যানে করে পালিয়ে যায়।
সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধী যেই হোক না কেন, তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ