প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এখানে লাখো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।
জামাতের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
শাহী ঈদগাহে নামাজ আদায় করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিটি প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ রাজনৈতিক নেতারা।
এদিকে, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী।
দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অতিরিক্ত ঝড়-বৃষ্টি হলে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আমিনুল।
নগরীর কোর্ট পয়েন্ট-সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টায়।
এছাড়া, ঐতিহ্যবাহী সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
জামাতে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক এবং সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদ
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
শাহপরান (র.) মাজার মসজিদ
হযরত শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া পাড়া-মহল্লার অর্ধশত মসজিদ ও ঈদগাহে জামাতের আয়োজন করা হয়েছে।