সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার দুপুরে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮) এবং হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।
নিহত তন্নীর চাচা আব্দুল বারিক জানান, সকালে তন্নী ও আনিকা বাড়ির পাশে স্তূপ করে রাখা বালির ওপর খেলছিল। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। দুপুরে স্থানীয়রা স্তূপ করে রাখা বালির পাশের ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, যমুনা নদী থেকে উত্তোলিত বালি বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়েছিল। সকালে ওই বালির ওপর খেলতে যায় তন্নী ও আনিকা। খেলার এক পর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।