ভারত থেকে সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। মাইকিংয়ের মাধ্যমে সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করে বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে তারা তথ্য পেয়েছে যে ভারত থেকে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে।
এ পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে স্থানীয় জনগণকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন, সে বিষয়েও অনুরোধ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির মাধ্যমে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো জানান, অবৈধ পুশইন ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।