হোম > সারা দেশ > সিলেট

দেশ গৃহযুদ্ধের দিকে গেলে দায় নিতে হবে বিএনপি ও আ. লীগকে : মঞ্জু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য দমনে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। আর এমন পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকার ও আওয়ামী লীগকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার বিকেল ৪টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে সুনামগঞ্জ জেলা এবি যুব পার্টির কমিটি গঠন ও তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বেশ কিছুদিন ধরেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করে আসছি। সরকারের বিভিন্ন ব্যর্থতা নিয়ে আমাদের সংসদ সদস্যরা জাতীয় সংসদেও কথা বলেছেন। আমাদের ১১ দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের দাবিও জানানো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার ঘটনার পর এসব ঘটনা ধীরে ধীরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। এর বিপরীতে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলার ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, পুরো ডিসেম্বর মাসজুড়েই আমাদের কর্মসূচি রয়েছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের সঙ্গে আমরা আলোচনা করেছি। ১১ দলীয় জোটেরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ জানাব। সরকারের দলের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারাও নিজস্ব কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবেন।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে মজিবুর রহমান মঞ্জু বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও কর্মসূচি অব্যাহত রাখতে হবে। তবে এই ঐক্যের মূল ভিত্তি হতে হবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়িত হলেই জাতীয় ঐক্য পূর্ণতা পাবে।

সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এ ছাড়া বক্তব্য দেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব আলী আসগর ইমন, হাফিজ মোশাহিদ আলী, সাঈদ হোসেন সবুজ ও হাজী আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে সুজন আহমেদকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্যসচিব করে এবি যুব পার্টির ৩১ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

রাজনগর উপজেলা জামায়াতের আমির হলেন আবুর রাইয়ান শাহীন

সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: এহসানুল মাহবুব জুবায়ের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল

আমাদের ভদ্রতার অর্থ দুর্বলতা ভাববেন না: প্রবাসীকল্যাণমন্ত্রী

আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে

ওসমানীনগরে গর্তে পুঁতে সরকারি ওষুধ ধ্বংস, তদন্তে নেই অগ্রগতি

কেন্দ্রীয় যুবদল নেতার জামালগঞ্জের মার্কেটে আগুন

মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

মধ্যনগরে আট মাস ধরে ইউএনও নেই, তিন দায়িত্বে এক কর্মকর্তা

সিলেটে ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার