হোম > সারা দেশ > সিলেট

সরকারি রাস্তার মাটি কেটে জলমহালে বাঁধ বিএনপি নেতার

মৌলভীবাজারের রাজনগর

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে সরকারি রাস্তার মাটি দিয়ে জলমহালে বাঁধ দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাদের বিরুদ্ধে। চার গ্রামের মানুষের চলাচলের রাস্তা কেটে বিলের বাঁধ দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ছাড়া জলমহালের সঙ্গে কয়েকশ একর জমির পানি আটকে মাছ চাষ করছেন বিএনপির স্থানীয় প্রভাবশালীরা। ঘটনাটি রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাড়িকোন্দা জলমহালের পাশে।

সরকার পতনের আগে আওয়ামী লীগের নেতারা জলমহাল ভোগ করলেও এখন এতে ভাগ বসিয়েছেন বিএনপি নেতারা। এ বিষয়ে স্থানীয় লোকজন মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ওঠা বিএনপি নেতা হলেন- একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বশর মিয়া। তার সহযোগীরা হলেন- মিজান ঝুনু, আকল, জিলাল, সুহেল মসাইদ ফাতির।

লিখিত অভিযোগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, কাউয়াদিগী হাওর পাড়ের কাশিমপুর, ইসলামপুর, সোনাপুর ও আব্দুল্লাহপুরের হাজারো কৃষক হাওরে যাওয়ার একমাত্র রাস্তাটি হাড়িকোন্দা বিলের পাশ দিয়ে গেছে। হাড়িকোন্দা ও বাডিডিগা নামে দুটি বিল মৎস্যজীবী সমবায় সমিতির নামে লিজ নিয়ে স্থানীয় বিএনপির নেতারা মাছ চাষ করছেন। ওই জলমহালে বাঁধ দিতে পার্শ্ববর্তী সড়কের মাটি রাতের আঁধারে কেটে নিচ্ছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বশর মিয়ার লোকজন।

এদিকে ইসলামপুর ও সোনাপুর গ্রামের সরকারি রাস্তার মধ্যখানে অবস্থিত হাড়িকোন্দা বিলের মোট ১৭ একর জমি লিজ নিয়ে বিশাল এলাকায় বাঁধ দিয়ে মাছের ঘের করে দখলে রেখেছেন কয়েকশ একর জমি। কৃষকরা নিজেদের জমি থাকা সত্ত্বেও প্রভাবশালীদের দখলে থাকার কারণে নৌকা দিয়ে যাতায়াত, গরুর জন্য ঘাস ও মাছ ধরতে পারছেন না। বাঁধের কারণে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে একটি প্রভাবশালী মহল রাস্তার বেশ কিছু অংশ কেটে মাটি নিয়ে গেছে। স্থানীয়রা বাধা দিলেও নেতাদের হুমকি-ধমকির ভয়ে কেউ এগিয়ে আসছে না। এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সায়েদ আলী বলেন, ঘটনা সঠিক তাদের ভয়ে প্রতিবাদ করার সাহস নেই কারো।

ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বশর মিয়া মাটি কাটার বিষয়টি স্বীকার করে বলেন, এলাকার মানুষ কিছু মাটি কেটে নিয়ে ব্রিজের দুই পাশে ফেলেছে যাতায়াতের সুবিধার জন্য। কারণ রাস্তা থেকে তিন ফুট উঁচু ব্রিজ। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জুহরা বলেন, গত শুক্রবার তদন্তের জন্য তহসিলদারকে ওই জায়গায় পাঠিয়েছি। রিপোর্ট এখনো পাইনি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক