হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ এক বিএনপি নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে বুল্লা বাজারে অভিযান চালিয়ে মো. মোশারফ হোসেনকে আটক করা হয়।
তিনি উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে এবং সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, বুল্লা বাজারে অভিযান চলাকালে মোশারফ হোসেনের কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার সারণির ১৬ নম্বর ক্রম অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়। ইউএনও তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় এসআই ইকবাল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেনকে পরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহামেদ চৌধুরী স্বপন বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মোশারফকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে দলের কোনো কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।