সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ক্রীড়া সংগঠক সাইফুর রহমান শাহেদ (৩৫)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার দুপুর প্রায় ২টার দিকে ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত সাইফুর রহমান শাহেদ ছাতক পৌরসভার বৌলা গ্রামের মরহুম মুসলিম আলীর ছোট ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্তকরণ এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি এবং এ-সংক্রান্ত কোনো অভিযোগও দায়ের হয়নি।
এমএইচ