সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার সাচনা বাজারের সংলগ্ন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয় শ্রমিকের মধ্যে চারজন তীরে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন দুজন। নিখোঁজ দুজনের সন্ধানে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
নিখোঁজ শ্রমিকেরা হলেন জামালগঞ্জ উপজেলার ইনাতনগর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মারুফ আহমদ (১৯) এবং আবুল কাসেমের ছেলে মো. মুবাশ্বির আলম (২৫)।
তীরে উঠতে সক্ষম চার শ্রমিক হলেন ইনাতনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমিরুল ইসলাম (১৯), সুনীল দাসের ছেলে অনু দাস (২০), মৃত আবুল কালামের ছেলে মো. মুস্তাকিম (১৮) এবং আবুল কাসেমের ছেলে মো. সুমন মিয়া (১৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার ফাজিলপুর এলাকা থেকে বালু ও পাথর বোঝাই নৌকাটি মঙ্গলবার বিকেলে জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। রাতযাপনের জন্য নৌকাটি সাচনা বাজারের সংলগ্ন মসজিদের পেছনে নোঙর করা হয়। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। খাবার খেয়ে শ্রমিকেরা নৌকায় ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়। নৌকায় থাকা একজন ঘুম থেকে জেগে পরিস্থিতি বুঝতে পেরে চিৎকার করেন। এ সময় চারজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মারুফ ও মুবাশ্বির নৌকা থেকে বের হতে পারেননি।
শ্রমিক অনু দাস বলেন, ‘ঘুমন্ত অবস্থায় নৌকাটি ডুবে যাচ্ছিল। নৌকায় থাকা একজন চিৎকার দিলে আমরা চারজন সাঁতরে নদীর পাড়ে উঠি। মারুফ ও মুবাশ্বির নৌকা থেকে বের হতে পারেনি। তারা এখনো নিখোঁজ আছেন।’
জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ইনচার্জ বিজয় সিংহ বলেন, ‘রাত দুইটার দিকে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। ভোর পাঁচটা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধানে চেষ্টা চালিয়েছি। পরে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের দল এসে এ কার্যক্রমে অংশ নিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়ায় সিলেট থেকে বিশেষ ডুবুরি দল এসেছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, সুরমা নদীর তীরে গভীর রাতে বালুভর্তি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ছয়জন শ্রমিকের মধ্যে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
এমই