হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মামলার সাক্ষী হওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লু মিয়া (৬০) কালিকাপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম (৩২) একই গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে সোমবার সকাল ১০টার দিকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- কালিকাপুর গ্রামে চাচাতো ভাই নজরুল মিয়ার সঙ্গে ঝগড়া হয় জাহাঙ্গীর আলমের। এ ঘটনায় জিল্লুকে সাক্ষী করে আদালতে মামলা করেন নজরুল মিয়া। এতে ক্ষুদ্ধ হয়ে রোববার রাতে পরিবারের সামনে ঘর থেকে ডেকে বের করে জিল্লুকে কুপিয়ে হত্যা করে জাহাঙ্গীর। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইনর্চাজ ইন্সেপেক্টর গোলাম কিবরিয়া লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।